https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

দক্ষিণা-সূক্ত ~ ঋগ্বেদ ১০ম মণ্ডল ১০৭তম সূক্ত

Monday, July 6, 2026



▪️ঋগ্বেদ ১০ম মণ্ডল ১০৭তম সূক্ত 
 
দিব্য আঙ্গিরসঃ, দক্ষিণা বা প্রাজাপত্যা।     
দে. দক্ষিণা, দক্ষিণাদাতারো বা। ত্রিষ্টুপ্, ৪ জগতী।
 
আবিরভূন্মহি মাঘোনমেষাং বিশ্বং জীবং তমসো নিরমোচি ।
মহি জ্যোতিঃ পিতৃভির্দত্তমাগাদুরুঃ পন্থা দক্ষিণায়া অদর্শি ॥১॥
→ এই রশ্মিসমূহের এবং রাজসভাসদদের সূর্যসংক্রান্ত ও রাজ্যসংক্রান্ত মহান জ্যোতি বা মাহাত্ম্য প্রকট ও সম্পন্ন হয়। সমস্ত জীবনধারী বস্তু অন্ধকার থেকে মুক্ত হয়ে যায়। রশ্মিসমূহের দ্বারা এবং পালক রাজসভাসদদের দ্বারা প্রদত্ত সেই মহা জ্যোতিরূপ প্রকাশপদ বা রাজপদ প্রাপ্ত হওয়া যায়। দক্ষিণাদানের এক মহান পথ দৃষ্ট বা প্রদর্শিত হয়। [সূর্যোদয়ের পর যজ্ঞ করা হয় এবং দক্ষিণা দেওয়া হয়; রাজা কর্তৃক রাজসূয় যজ্ঞে বিভিন্ন অধিকার বা যোগ্যতার ভিত্তিতে দক্ষিণা দেওয়া হয়—এভাবে দানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে]।
 
উচ্চা দিবি দক্ষিণাবন্তো অস্থুর্যে অশ্বদাঃ সহ তে সূর্যেণ ।
হিরণ্যদা অমৃতত্বং ভজন্তে বাসোদাঃ সোম প্র তিরন্ত আয়ুঃ ॥২॥
→ দক্ষিণা বা দান প্রদানকারী ব্যক্তিগণ নির্মল জ্ঞানের দ্বারা নিজের আত্মাকে উচ্চস্তরে উন্নীত করেন। তাঁদের মধ্যে যাঁরা পথব্যাপী যাত্রার মাধ্যমসমূহ (যানবাহন বা চলাচলের সাধন) দান করেন, তাঁরা প্রেরণা প্রদানকারী পরমেশ্বরের সাথে অবস্থান করেন—অর্থাৎ তাঁর প্রেরণা লাভ করেন। যাঁরা জ্ঞানামৃত প্রদান করেন, তাঁরা মোক্ষপদ প্রাপ্ত হন। হে শান্ত ও সৌম্য স্বভাবযুক্ত! আশ্রয়দাতা ও বস্ত্রদানকারী দানশীল ব্যক্তিগণ নিজেদের এবং অন্যদের আয়ু ও জীবনকে বর্ধিত করেন।
 
দৈবী পূর্তির্দক্ষিণা দেবয়জ্যা ন কবারিভ্যো নহি তে পৃণন্তি ।
অথা নরঃ প্রয়তদক্ষিণাসোঽবদ্যভিয়া বহবঃ পৃণন্তি ॥৩॥
→ ঋত্বিক (পুরোহিত) প্রভৃতিকে দেওয়া ধনরূপ দক্ষিণা হলো পরমদেবের সঙ্গতি লাভের নিমিত্ত বা মিলন পরিচালনাকারী দৈবী ও কামনা পূরণকারী এক দৈব শক্তি। এটি কুৎসিত ধনস্বামীদের জন্য নয়—যাঁরা নিজেদের ধন থেকে কাউকে কিছু দেন না, তাঁরাই হলেন কুৎসিত ধনের অধিকারী। তাঁরা ধনরূপ দক্ষিণার দ্বারা অন্যকে তৃপ্ত করেন না। পক্ষান্তরে, এমন অনেক মানুষ আছেন যাঁরা দক্ষিণা প্রদান করেন; এই দক্ষিণা প্রদানকারী ব্যক্তিবর্গ লোকনিন্দার ভয়ে অন্যকে ধনেরূপ দক্ষিণা দিয়ে তৃপ্ত করেন। প্রচুর ধন থাকা সত্ত্বেও যাঁরা দান করেন না, তাঁরা এই লোকনিন্দা থেকে বাঁচার জন্য হলেও দান করেন; দান না করা ব্যক্তিদের চেয়ে অন্তত এই মানুষেরাও ভালো। 
 
শতধারং বায়ুমর্কং স্বর্বিদং নৃচক্ষসস্তে অভি চক্ষতে হবিঃ ।
যে পৃণন্তি প্র চ যচ্ছন্তি সঙ্গমে তে দক্ষিণাং দুহতে সপ্তমাতরম্ ॥৪॥
→ জগতে জীবনরসের নায়ক জড় বা ভৌতিক দেবদের দেখেন ও জানেন। সেই ধরনের দ্রষ্টা বিদ্বানগণ বহু ধারণক্ষমতাসম্পন্ন বায়ুকে এবং সুখময় প্রকাশ দানকারী সূর্যকে সম্যকভাবে জানেন। তাঁরা সেই বায়ু ও সূর্যের উদ্দেশ্যে অগ্নিতে হব্যপদার্থ অর্পণ করেন। যাঁরা বিদ্বানদের সম্মেলনে বা উপদেশ শ্রবণপ্রসঙ্গে তাঁদের ভোজনাদি দ্বারা তৃপ্ত করেন এবং তাঁদের ধন প্রভৃতি দানও করেন, তাঁরা রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র নির্মাণকারী জীবনশক্তিকে পরিপুষ্ট করেন—অর্থাৎ তা সম্পূর্ণরূপে প্রাপ্ত হন।
 
দক্ষিণাবান্প্রথমো হূত এতি দক্ষিণাবান্গ্রামণীরগ্রমেতি ।
তমেব মন্যে নৃপতিং জনানাং যঃ প্রথমো দক্ষিণামাবিবায় ॥৫॥
→ দক্ষিণাদাতা মানুষের দ্বারা আমন্ত্রিত ও সম্মানিত হয়ে প্রধান ব্যক্তি রূপে জনসমাজে প্রতিষ্ঠা লাভ করেন। দক্ষিণাদাতা গ্রাম বা নগরের নেতা হয়ে অগ্রাসন (প্রধান আসন) প্রাপ্ত হন। আমি (দক্ষিণাপ্রার্থী) তাঁকেই মানুষের প্রকৃত পালক বা নরপতি বলে মনে করি, যিনি সর্বপ্রথম অধিকারীবৃন্দের জন্য দক্ষিণা দান বা সমর্পণ করেন।
 
তমেব ঋষিং তমু ব্রহ্মাণমাহুর্যজ্ঞন্যং সামগামুক্থশাসম্ ।
স শুক্রস্য তন্বো বেদ তিস্রো যঃ প্রথমো দক্ষিণয়া ররাধ ॥৬॥
→ যে প্রধান দাতা দক্ষিণাদানের দ্বারা বিদ্বানদের কামনা পূরণ ও সিদ্ধ করেন, তাঁকেই মানুষের মধ্যে সম্যক দ্রষ্টা বলা হয়। তাঁকেই যজ্ঞের প্রধান ঋত্বিক ব্রহ্মা, যজ্ঞের নেতা অধ্বর্যু, সামগানের গায়ক উদ্গাতা এবং ঋগ্বেদের মন্ত্র পাঠকারী হোতা বলা হয়ে থাকে; কারণ তাঁর দক্ষিণাদানের ফলেই এই সকলে যজ্ঞের বিস্তার ঘটান। সেই দাতা প্রকাশমান পরমেশ্বরের ‘অ, উ, ম্’—এই তিন মাত্রারূপ দেহ বা স্বরূপকে জানেন, কারণ তিনি ঈশ্বরের আদেশ অনুসারেই উপযুক্ত পাত্রে দক্ষিণা দান করেন ।
 
দক্ষিণাশ্বং দক্ষিণা গাং দদাতি দক্ষিণা চন্দ্রমুত যদ্ধিরণ্যম্ ।
দক্ষিণান্নং বনুতে যো ন আত্মা দক্ষিণাং বর্ম কৃণুতে বিজানন্ ॥৭॥
→ যে ব্যক্তি দক্ষিণায় অশ্ব দান করে, দক্ষিণায় গো দান করে, দক্ষিণায় আনন্দদায়ক রৌপ্য প্রভৃতি শুদ্ধ ধাতু অথবা মনোহর ও কল্যাণময় স্বর্ণ দান করে, এবং দক্ষিণায় অন্ন প্রদান করে—সেই দাতা বিশেষভাবে জ্ঞাত হয়ে দক্ষিণাকে নিজের রক্ষাকবচ অর্থাৎ বিপত্তি বা আঘাত নিবারণের মাধ্যম হিসেবে গড়ে তোলে; সে আমাদের অত্যন্ত আপন।
 
ন ভোজা মম্রুর্ন ন্যর্থমীয়ুর্ন রিষ্যন্তি ন ব্যথন্তে হ ভোজাঃ ।
ইদং যদ্বিশ্বং ভুবনং স্বশ্চৈতৎসর্বং দক্ষিণৈভ্যো দদাতি ॥৮॥
→ দক্ষিণাদানের মাধ্যমে অন্যদের পালনকারী দাতারা কখনো মরেন না—যেমন অন্যান্য ধনী ব্যক্তিরা ধনের কারণে চোর-ডাকাত প্রভৃতির দ্বারা আক্রান্ত বা নিহত হন, কিন্তু পরোপকারী ও পালনকারীদের নাম মানুষ তাঁদের মৃত্যুর পরেও স্মরণ করে। তাঁরা অর্থহীনতা বা দারিদ্র্য লাভ করেন না, বরং সুযোগ এলে তাঁরা প্রচুর ধন-সম্পদ লাভ করেন। তাঁরা কারও দ্বারা পীড়িত হন না, পক্ষান্তরে কৃপণ ব্যক্তিরাই নানাভাবে কষ্ট পেয়ে থাকে। অন্যদের লালন-পালনকারী এই দাতারা কোনো ব্যথার সম্মুখীন হন না, কারণ মানুষ কেবল অনর্থক ভোগবিলাসের দ্বারাই দুঃখ পেয়ে থাকে। এই যে সমগ্র দৃশ্যমান জগৎ এবং যে বিশিষ্ট পরমানন্দ—এই সমস্ত কিছুই দক্ষিণা এই দানশীল ব্যক্তিদের জন্য প্রদান করে; অর্থাৎ, সদাচারী হওয়ার কারণে তাঁদের সবকিছুই সিদ্ধ ও প্রাপ্ত হয়ে যায়।
 
ভোজা জিগ্যুঃ সুরভিং যোনিমগ্রে ভোজা জিগ্যুর্বধ্বং যা সুবাসাঃ ।
ভোজা জিগ্যুরন্তঃপেয়ং সুরায়া ভোজা জিগ্যুর্যে অহূতাঃ প্রয়ন্তি ॥৯॥
→ দক্ষিণাদানের মাধ্যমে অন্যদের পালনকারী দাতাগণ সর্বাগ্রে একটি সুন্দর সুগন্ধযুক্ত গৃহ লাভ করেন; মুক্তহস্তে দানকারী ব্যক্তিগণ রূপবতী ও গুণবতী স্ত্রী লাভ করেন; উদার দাতাগণ সমস্ত পানীয়ের পরম মিষ্টতা আস্বাদন করতে পারেন এবং তাঁরা কোনো প্রকার আহ্বান বা উস্কানি ছাড়াই, তাঁদের আক্রমণকারীদেরও জয় বা বশীভূত করে নেন। 
 
ভোজায়াশ্বং সং মৃজন্ত্যাশুং ভোজায়াস্তে কন্যা শুম্ভমানা ।
ভোজস্যেদং পুষ্করিণীব বেশ্ম পরিষ্কৃতং দেবমানেব চিত্রম্ ॥১০॥
→ অন্যদের পালনকারী বা দাতার জন্য সেবকেরা দ্রুতগামী অশ্বকে তথা যানবাহনকে অলঙ্কৃত করে = সাজায়। সেই পালনকারী ব্যক্তির জন্য শোভাময়ী ও নবযৌবনসম্পন্ন কমণীয় কুমারী বিবাহার্থ প্রস্তুত হয়ে অবস্থান করে। পালনকারী দাতার জন্য এই গৃহটি পরিষ্কৃত ও সুসজ্জিত; যা পদ্মফুলে ভরা জলাশয়ের মতো দর্শনীয় এবং উচ্চস্তরের বিদ্বান বা দক্ষ স্থপতিদের দ্বারা নির্মিত স্থাপনার মতো এক পরম সুন্দর বাসস্থান।
 
ভোজমশ্বাঃ সুষ্ঠুবাহো বহন্তি সুবৃদ্রথো বর্ততে দক্ষিণায়াঃ ।
ভোজং দেবাসোঽবতা ভরেষু ভোজঃ শত্রূন্সমনীকেষু জেতা ॥১১॥
→ উত্তম গতিসম্পন্ন অশ্ব তথা যানবাহনসমূহ পালনকারী স্বামীকে (দক্ষিণাদাতাকে) বহন করে নিয়ে যায়। শিল্পী বা কারিগরদের উত্তম দান দেওয়ার ফলে সুন্দরভাবে ভ্রমণোপযোগী যানবাহন লাভ করা যায়। হে বিজয়াভিলাষী সৈনিকগণ! যুদ্ধসমূহে আপনারা পালনকারী নেতার রক্ষা করুন। পালনকারী নেতা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত যোদ্ধাদের মধ্যে শত্রুদের জয় করবেন—তিনি এমনই স্বভাবযুক্ত হয়ে থাকেন।

© বাংলাদেশ অগ্নিবীর