https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

শ্রীমদ্ভগবদ্গীতা স্বাধ্যায় [১৩] : শ্রীমদ্ভগবদ্গীতায় ‘ভক্ত’ ও তার প্রকারভেদ সম্পর্কে কী বলা হয়েছে ?

Tuesday, September 29, 2026

 
✅ শ্রীমদ্ভগবদ্গীতা স্বাধ্যায় [১৩] শ্রীমদ্ভগবদ্গীতায় ‘ভক্ত’ ও তার প্রকারভেদ সম্পর্কে কী বলা হয়েছে ❓
ভক্ত বলতে কাকে বোঝায় ? শুধু ঈশ্বরের নাম জপ করা , প্রার্থনা করা বা কোনো বিশেষ উপাসনা-পদ্ধতি পালন করলেই কি কেউ ভক্ত হয়ে যায় ? ভক্ত কত প্রকার ? গীতায় কাদের ভক্ত বলা হয়েছে ? প্রকৃত ভক্তের লক্ষণই বা কী ? শ্রীমদ্ভগবদ্গীতায় ভক্তি কোনো অন্ধ আবেগ বা শুধু বাহ্যিক উপাসনার বিষয় নয় । গীতায় ভক্তির সঙ্গে জ্ঞান , কর্তব্য , আত্মসংযম , সমদৃষ্টি , অহিংসা , সত্যনিষ্ঠা এবং ঈশ্বরের প্রতি একনিষ্ঠতার সম্পর্ক দেখানো হয়েছে । গীতার সপ্তম অধ্যায়ে শ্রীভগবান চার প্রকার মানুষের কথা বলেছেন যারা তাঁকে ভজনা করে । আবার দ্বাদশ অধ্যায়ে এমন বহু গুণের কথা বলা হয়েছে , যার দ্বারা একজন ভক্তের প্রকৃতি প্রকাশ পায় । তাই গীতার আলোকে ভক্তিকে বুঝতে হলে শুধু ‘কে উপাসনা করে’ তা নয় , ‘কেন উপাসনা করে’ এবং ‘তার চরিত্র কেমন’ তাও বিবেচনা করতে হবে ।
 
☑️
চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতিনোऽর্জুন ।
আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ ॥
তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির্বিশিষ্যতে ।
প্রিয়ো হি জ্ঞানিনোऽত্যর্থমহং স চ মম প্রিয়ঃ ॥
শ্রীমদ্ভগবদ্গীতা ৭.১৬-১৭
অনুবাদ: হে ভারতর্ষভ অর্জুন ! আর্ত , আর্থার্থী জিজ্ঞাসু আর জ্ঞানী-এই চার প্রকার পুণ্যাত্মা মানুষ আমাকে ভজনা করেন । তাদের মধ্যে নিত্যযুক্ত অনন্য ভক্তিবিশিষ্ট জ্ঞানী শ্রেষ্ঠ। কেননা, আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং সে আমার প্রিয় ।
📌 এখানে গীতা চার প্রকার ভক্তের কথা বলেছে ।
১ । আর্ত ভক্ত
২ । জিজ্ঞাসু ভক্ত
৩ । অর্থার্থী ভক্ত
৪ । জ্ঞানী ভক্ত ।
গুরুত্বপূর্ণ বিষয় হলো , গীতা এই চারজনকেই ❝সুকৃতিনঃ❞ অর্থাৎ সৎকর্মশীল বলে উল্লেখ করেছে । অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনোভাবে ঈশ্বরের দিকে ফিরে এসেছে ।
১। আর্ত ভক্ত: হলেন সেই ব্যক্তি , যিনি দুঃখ , বিপদ , ভয় , সংকট বা কোনো কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের শরণ গ্রহণ করেন । মানুষ যখন জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় , তখন তার মনে ঈশ্বরের প্রতি নির্ভরতার ভাব জাগতে পারে । এই অবস্থায় যে ব্যক্তি ঈশ্বরকে স্মরণ করে , তাঁকে গীতা ❝আর্ত❞ হিসেবে উল্লেখ করেছে । তবে এখানে ভক্তির উদ্দেশ্য প্রধানত নিজের দুঃখ থেকে মুক্তি পাওয়া । এই ভক্তি মানুষের মধ্যে ঈশ্বরচেতনার সূচনা করতে পারে । কিন্তু ভক্তির উদ্দেশ্য যদি কেবল নিজের বিপদ দূর করা পর্যন্ত সীমাবদ্ধ থাকে , তাহলে তা ভক্তির পূর্ণতম অবস্থায় পৌঁছায় না ।
২। জিজ্ঞাসু ভক্ত: জিজ্ঞাসু হলেন সেই ব্যক্তি , যিনি সত্য জানতে চান । তিনি শুধু দুঃখের সময় ঈশ্বরকে স্মরণ করেন না । বরং প্রশ্ন করেন , ঈশ্বর কে ? জীবাত্মা কী ? জগৎ কী ? জীবনের প্রকৃত উদ্দেশ্য কী ? কর্মের ফল কী ? দুঃখের কারণ কী ? মুক্তির পথ কী ? এই ধরনের সত্য অনুসন্ধানী মানুষকে গীতা ❝জিজ্ঞাসু❞ হিসেবে উল্লেখ করেছে । এই স্তরে ভক্তির সঙ্গে জ্ঞানানুসন্ধান যুক্ত হয় । অর্থাৎ , ❝আমি ঈশ্বরকে চাই❞ এর পাশাপাশি ❝আমি ঈশ্বর ও সত্যকে জানতে চাই❞ এই আকাঙ্ক্ষা জন্মায় । বৈদিক দৃষ্টিভঙ্গিতেও এই জিজ্ঞাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বেদের শিক্ষা অন্ধভাবে কোনো বিষয় গ্রহণ না করে সত্যকে জানার , বিচার করার এবং জ্ঞান অর্জনের দিকে মানুষকে পরিচালিত করে ।
৩। অর্থার্থী ভক্ত: অর্থার্থী হলেন সেই ব্যক্তি , যিনি কোনো কাম্য ফল লাভের উদ্দেশ্যে ঈশ্বরের উপাসনা করেন । অর্থ , সম্পদ , সাফল্য , প্রয়োজনীয় বস্তু , পার্থিব কল্যাণ ইত্যাদি লাভের আকাঙ্ক্ষা থেকে যে ব্যক্তি ঈশ্বরের দিকে ফিরে আসে , তাকে গীতা ❝অর্থার্থী❞ বলে উল্লেখ করেছে । এখানে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা আছে , কিন্তু ভক্তির সঙ্গে একটি নির্দিষ্ট প্রত্যাশাও যুক্ত রয়েছে । তবে গীতার পরবর্তী শ্লোকগুলো দেখায় যে , ভক্তির মধ্যে যখন ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা ক্ষীণ হয়ে সত্যজ্ঞান ও একনিষ্ঠতা বৃদ্ধি পায় , তখন ভক্তির গভীরতর রূপ প্রকাশিত হয় ।
৪। জ্ঞানী ভক্ত: জ্ঞানী হলেন সেই ব্যক্তি , যিনি সত্যকে জানতে , বুঝতে এবং উপলব্ধি করতে আগ্রহী । তিনি শুধু কোনো দুঃখ , বিপদ বা পার্থিব প্রয়োজনের সময় ঈশ্বরকে স্মরণ করেন না ; বরং ঈশ্বরের স্বরূপ , জীবাত্মার প্রকৃতি , জগতের বাস্তবতা , কর্মের নিয়ম এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করেন । তাঁর ভক্তির সঙ্গে জ্ঞান ও সত্যের অনুসন্ধান গভীরভাবে যুক্ত থাকে । গীতায় জ্ঞানী ভক্তকে ❝নিত্যযুক্ত❞ ও ❝একভক্তি❞ বলা হয়েছে । অর্থাৎ , তিনি সর্বদা ঈশ্বরনিষ্ঠ থাকেন এবং তাঁর ভক্তি একনিষ্ঠ ও অবিভক্ত । তাঁর ঈশ্বরচেতনা কোনো সাময়িক পরিস্থিতি বা ব্যক্তিগত প্রয়োজনের ওপর নির্ভর করে না । সুখে , দুঃখে , লাভে বা ক্ষতিতে তিনি সত্য ও ঈশ্বরনিষ্ঠ থাকার চেষ্টা করেন । তিনি শুধু ঈশ্বরের কাছে কিছু পাওয়ার জন্য ভক্তি করেন না ; বরং সত্যকে জানতে এবং সেই সত্য অনুযায়ী জীবন পরিচালনা করতে চান ।
জ্ঞানী ভক্তের কাছে ভক্তি কেবল আবেগ বা বাহ্যিক উপাসনার বিষয় নয় । তাঁর জ্ঞান তাঁর চিন্তাকে পরিচালিত করে , ভক্তি তাঁর অন্তরকে ঈশ্বরনিষ্ঠ করে এবং সেই জ্ঞান ও ভক্তি তাঁর কর্ম ও চরিত্রে প্রকাশ পায় । তাই সত্যনিষ্ঠা , বিবেক , সংযম , ন্যায়পরায়ণতা এবং সৎকর্ম তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে । বৈদিক দৃষ্টিভঙ্গিতেও জ্ঞানী হওয়া মানে শুধু অনেক কিছু পড়ে বা মুখস্থ করে রাখা নয় । সত্যকে জানা , বিচার-বিবেচনার মাধ্যমে তা গ্রহণ করা , অসত্যকে বর্জন করা এবং জানা সত্যকে নিজের জীবন ও আচরণে প্রতিষ্ঠিত করাই জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য । তাই বৈদিক ভাবনায় জ্ঞান ও ঈশ্বরনিষ্ঠ জীবন পরস্পর থেকে বিচ্ছিন্ন নয় । জ্ঞানী ভক্ত হলেন সেই ব্যক্তি , যিনি সত্যকে জানতে ও উপলব্ধি করতে চান , ঈশ্বরের প্রতি একনিষ্ঠ থাকেন এবং জ্ঞান , বিবেক , সংযম , সত্যনিষ্ঠা ও সৎকর্মের মাধ্যমে নিজের জীবন পরিচালনা করেন । তাঁর ভক্তি কেবল মুখের প্রার্থনা বা বাহ্যিক আচারে সীমাবদ্ধ নয় ; বরং জ্ঞান , চরিত্র , কর্ম ও জীবনাচরণের মধ্যেও তার প্রকাশ ঘটে ।
🌼 জ্ঞানী ভক্ত কেন বিশেষ ?
☑️
উদারাঃ সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম্ ।
আস্থিতঃ স হি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম্ ॥
শ্রীমদ্ভগবদ্গীতা- ৭.১৮
অনুবাদ: এঁরা সকলেই ভজনা করায় উত্তম । কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপই হয় - এটিই আমার মত । কেননা সেই যোগযুক্ত চিত্ত অতি উত্তম গতিস্বরূপ আমাতেই অবস্থিত থাকে ।
এখানে গীতা অন্য তিন প্রকার ভক্তকে অস্বীকার করেনি । বরং বলেছে , তারা সকলেই উত্তম । কিন্তু জ্ঞানী ভক্তের বিশেষত্ব হলো , তাঁর ভক্তি কোনো সাময়িক প্রয়োজন বা নির্দিষ্ট ফলের ওপর নির্ভরশীল নয় । তিনি সত্যকে জানতে চান এবং ঈশ্বরকে পরম আশ্রয় হিসেবে গ্রহণ করেন ।
☑️
বহূনাং জন্মনামন্তে জ্ঞানবান্মাং প্রপদ্যতে ।
বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ ॥
শ্রীমদ্ভগবদ্গীতা ৭.১৯
অনুবাদ: বহু জন্মের পরে জ্ঞানী ব্যক্তি ' সবকিছু বাসুদে্বময় '
এরূপ জ্ঞান লাভ করে আমাকে ভজনা করেন , সেই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ ।
📌 এই শ্লোকটি দেখায় , জ্ঞান ও ভক্তি পরস্পরের বিরোধী নয় ।
বরং প্রকৃত জ্ঞান মানুষকে পরম সত্যের প্রতি গভীর শ্রদ্ধা ও আশ্রয়ের দিকে নিয়ে যেতে পারে । অর্থাৎ , গীতার ভক্তি অন্ধ বিশ্বাস নয় । জ্ঞান , উপলব্ধি , একনিষ্ঠতা এবং সত্যের অনুসন্ধানের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে ।
💢 প্রকৃত ভক্তের লক্ষণ কী ?
☑️
অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ ।
নির্মমো নিরহঙ্কারঃ সমদুঃখসুখঃ ক্ষমী ॥
সন্তুষ্টঃ সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়ঃ ।
ময্যর্পিতমনোবুদ্ধির্যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ ॥
শ্রীমদ্ভগবদ্গীতা ১২.১৩–১৪
অনুবাদ: আমার যে ভক্ত সকল প্রাণীর প্রতি দ্বেষশূন্য [ শত্রুতা নেই ] বন্ধুভাবাপন্ন , দয়ালু , মমতারহিত , অহংকাররহিত, সুখ-দুঃখে সমভাবাপন্ন , ক্ষমাশীল , সর্বদা সন্তুষ্ট , যোগপরায়ণ, সংযত স্বভাব, অটল বিশ্বাসী এবং আমাতে মন ও বুদ্ধি সমর্পণকারী , তিনি আমার প্রিয় ।
📌 প্রকৃত ভক্তের গুণ। গীতার এই অংশ থেকে ভক্তের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাওয়া যায় ।
অদ্বেষ্টা = কারও প্রতি বিদ্বেষ না রাখা ।
মৈত্রঃ = সকলের প্রতি মিত্রভাব রাখা ।
করুণঃ = দয়ালু ও সহানুভূতিশীল হওয়া ।
নির্মমঃ = অতিরিক্ত মমত্ববোধে আবদ্ধ না থাকা ।
নিরহঙ্কারঃ = অহংকারমুক্ত হওয়া ।
সমদুঃখসুখঃ = সুখ ও দুঃখে সমভাব রাখা ।
ক্ষমী = ক্ষমাশীল হওয়া ।
সন্তুষ্টঃ = সন্তুষ্ট থাকা ।
যতাত্মা = ইন্দ্রিয় ও মনকে সংযত রাখা ।
দৃঢ়নিশ্চয়ঃ = দৃঢ় সংকল্পসম্পন্ন হওয়া ।
অর্থাৎ , গীতার ভক্ত শুধু উপাসনা করেন না , নিজের চরিত্রকেও পরিশুদ্ধ করেন ।
☑️
যস্মান্নোদ্বিজতে লোকো লোকান্নোদ্বিজতে চ যঃ ।
হর্ষামর্ষভয়োদ্বেগৈর্মুক্তো যঃ স চ মে প্রিয়ঃ ॥
অনপেক্ষঃ শুচির্দক্ষ উদাসীনো গতব্যথঃ ।
সর্বারম্ভপরিত্যাগী যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ ॥
শ্রীমদ্ভগবদ্গীতা ১২.১৫- ১৬
অনুবাদ: যাঁর দ্বারা কোনো প্রাণী উদ্বিগ্ন হন না এবং যিনি প্রাণিগণ দ্বারা উদ্বিগ্ন হন না ; আর যিনি আনন্দ , অমর্ষ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত , তিনি আমার প্রিয় । আমার যে ভক্ত আকাঙ্ক্ষারহিত , শুদ্ধ , নিপুণ , পক্ষপাতরহিত , ব্যথাবর্জিত , সকল কর্মফল পরিত্যাগী , তিনি আমার প্রিয় ।
ভক্তি ও সামাজিক আচরণ এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।কারণ , কেউ যদি সারাদিন ঈশ্বরের নাম নেয় , কিন্তু মানুষের সঙ্গে অন্যায় আচরণ করে , অহংকার করে , অন্যকে অপমান করে , অকারণে কষ্ট দেয় , ক্রোধ ও বিদ্বেষে ভরা থাকে , তাহলে তার চরিত্র গীতায় বর্ণিত ভক্তের লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ।
☑️
তুল্যনিন্দাস্তুতির্মৌনী সন্তুষ্টো যেন কেনচিত্ ।
অনিকেটঃ স্থিরমতির্ভক্তিমান্মে প্রিয়ো নরঃ ॥
শ্রীমদ্ভগবদ্গীতা ১২.১৯
অনুবাদ : যিনি নিন্দা ও প্রশংসাকে সমভাবে গ্রহণ করেন , সংযতভাবে কথা বলেন , যা পান তাতেই সন্তুষ্ট থাকেন , কোনো নির্দিষ্ট আসক্তিতে আবদ্ধ নন এবং স্থিরবুদ্ধিসম্পন্ন ও ভক্তিমান , সেই ব্যক্তি আমার প্রিয় ।
এখানেও দেখা যাচ্ছে , ভক্তির সঙ্গে চরিত্র ও মানসিক স্থিরতার গভীর সম্পর্ক রয়েছে । গীতার ১২.১৩–২০ পর্যন্ত ভক্তের যে গুণগুলো বলা হয়েছে , সেগুলোর মধ্যে কোথাও শুধু বাহ্যিক আচারকে ভক্তির প্রধান পরিচয় করা হয়নি । বরং গুরুত্ব দেওয়া হয়েছে , বিদ্বেষহীনতা , মৈত্রী , করুণা , অহংকারহীনতা , ক্ষমা , সংযম , সন্তুষ্টি , দৃঢ়নিশ্চয় , সমভাব । সত্যনিষ্ঠ আচরণ , অন্যকে কষ্ট না দেওয়া । নিন্দা ও প্রশংসায় স্থির থাকা । অতঃ গীতার ভক্তি মানুষের চরিত্রকে উন্নত করার সঙ্গে সম্পর্কিত ।
✳️ গীতায় ‘ভক্ত’ ও তার প্রকারভেদের মূল ধারা -
৭.১৬ → গীতায় ভক্ত চার প্রকার — আর্ত , জিজ্ঞাসু , অর্থার্থী ও জ্ঞানী ।
৭.১৭ → এই চার প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তের নিত্যযুক্ত ও একনিষ্ঠ ভক্তির বিশেষ উল্লেখ করা হয়েছে ।
৭.১৮ → অন্যান্য ভক্তও উদার ও মহৎ অর্থাৎ তাঁদের ভক্তিকেও গীতা সম্মানের সঙ্গে স্বীকার করেছে ।
৭.১.১৯ → দীর্ঘ সাধনা ও জ্ঞানের পর জ্ঞানী পরম সত্যের শরণ গ্রহণ করেন এবং গভীর উপলব্ধিতে উপনীত হন ।
১২.১৩–১৪ → প্রকৃত ভক্তের লক্ষণ হিসেবে বিদ্বেষহীনতা , মৈত্রী , করুণা , অহংকারহীনতা , ক্ষমা , সংযম , সন্তুষ্টি ও ঈশ্বরনিষ্ঠতার কথা বলা হয়েছে ।
১২.১৫ → যার দ্বারা কোনো মানুষ বিচলিত বা কষ্টপ্রাপ্ত হয় না এবং যিনি অন্যের আচরণে নিজেও অস্থির হন না , তিনি প্রিয় ভক্ত ।
১২.১৯ → নিন্দা ও প্রশংসায় সমভাব , সংযম , স্থিরবুদ্ধি এবং একনিষ্ঠ ভক্তি প্রকৃত ভক্তের বৈশিষ্ট্য ।
১৭.১–৩ → মানুষের শ্রদ্ধার প্রকৃতি এবং তার তিন প্রকার — সাত্ত্বিক , রাজসিক ও তামসিক — সম্পর্কে আলোচনা করা হয়েছে ।
১৮.৫৪–৫৭ → ব্রহ্মভূত অবস্থায় প্রতিষ্ঠিত হওয়ার পর পরমাত্মার প্রতি ভক্তি , জ্ঞান ও একনিষ্ঠতার মাধ্যমে তাঁকে উপলব্ধির পথ নির্দেশ করা হয়েছে ।
🌸 অতঃ ভক্তি শুধু মুখের প্রার্থনা নয় ভক্তি হলো জ্ঞান , সত্য , সংযম , কর্তব্য , করুণা এবং পরমাত্মার প্রতি একনিষ্ঠতার মাধ্যমে জীবনকে পরিশুদ্ধ করা । শ্রীমদ্ভগবদ্গীতায় ভক্তের চারটি প্রধান প্রকারের কথা বলা হয়েছে , আর্ত , জিজ্ঞাসু , অর্থার্থী ও জ্ঞানী । এদের প্রত্যেকেই সুকৃতিশীল এবং কোনো না কোনোভাবে ঈশ্বরের দিকে অগ্রসর হয় । তবে গীতা জ্ঞানী ও একনিষ্ঠ ভক্তের বিশেষ মাহাত্ম্য তুলে ধরেছে । ভক্তি কেবল বাহ্যিক আচার বা আবেগের বিষয় নয় । ঈশ্বরকে সত্যভাবে জানা , তাঁর প্রতি শ্রদ্ধা রাখা , সত্য ও ন্যায়ের পথে চলা , ইন্দ্রিয় ও মনকে সংযত করা , জ্ঞান অর্জন করা এবং সকলের কল্যাণে কর্ম করাও ঈশ্বরনিষ্ঠ জীবনের অংশ । তাই প্রকৃত ভক্তের পরিচয় তার মুখের কথায় নয় , তার জ্ঞান , চরিত্র , কর্ম , সংযম , সত্যনিষ্ঠা , করুণা এবং ঈশ্বরের প্রতি একনিষ্ঠতায় প্রকাশ পায় ।
যে ভক্তি মানুষকে সত্য , জ্ঞান , সংযম ও কল্যাণের পথে নিয়ে যায় , সেই ভক্তিই গীতার শিক্ষায় অর্থবহ ভক্তি । ❝ভক্তি হবে জ্ঞানে প্রতিষ্ঠিত , কর্মে প্রকাশিত , চরিত্রে প্রতিফলিত এবং পরমাত্মার প্রতি একনিষ্ঠ । ❞
 
বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক ।